lরঞ্জি ট্রফিতে অপরাজেয় থেকে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলা। এবার ফোকাসে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। বাংলা রয়েছে এলিট গ্রুপ সি-তে।
বাংলার খেলাগুলি হবে হায়দরাবাদে। দেশের ঘরোয়া এই টি২০ টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হলো আজ। নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরন। মহম্মদ শামি, আকাশ দীপ, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদরাও খেলবেন এই টুর্নামেন্টে।
২৬ নভেম্বর বরোদা (বিকেল সাড়ে ৪টা) ম্যাচ দিয়ে অভিযান শুরু বাংলার। এরপর বাংলা খেলবে যথাক্রমে ২৮ নভেম্বর গুজরাত (বিকেল সাড়ে ৪টে), ৩০ নভেম্বর পাঞ্জাব (সকাল ৯টা), ২ ডিসেম্বর হিমাচল প্রদেশ (বেলা দেড়টা), ৪ ডিসেম্বর সার্ভিসেস (সকাল ১১টা), ৬ ডিসেম্বর পুদুচেরী (সকাল ৯টা) ও ৮ ডিসেম্বর হরিয়ানার (সকাল ১১টা) বিরুদ্ধে।
ঘোষিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেসোয়ানি, প্রিয়াংশু শ্রীবাস্তব, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, করণ লাল, সক্ষম চৌধুরী, মহম্মদ শামি, আকাশ দীপ, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, যুধাজিৎ গুহ, শ্রেয়ান চক্রবর্তী।






