চেলসির প্রাক্তন ডিফেন্ডার উইলিয়াম গালাসের চোখে, কোল পামার এখন আর শুধুই একজন উদীয়মান প্রতিভা নন—তিনি পুরো দলের চালিকাশক্তি। তাই গালাস স্পষ্ট বার্তা দিচ্ছেন, “ওকে রক্ষা করতে হবে।”
গালাসের মতে, পামারের খেলা দেখে মনে পড়ে যায় ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের কথা। যেমনটা জিদান ছিলেন ফ্রান্স দলের হৃদপিণ্ড, তেমনি পামার হয়ে উঠেছেন চেলসির মূল ভরসা।
“সবাই জানত জিদানই ফ্রান্সের প্রাণভোমরা। পামারও এখন চেলসির ঠিক তাই—এটা ওর মধ্যে স্বভাবতই এসেছে,” বলেন গালাস।
মাত্র এক বছর আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে খেলার সময়ের খোঁজে চেলসিতে পা রেখেছিলেন পামার। কেউ ভাবেওনি এত দ্রুত তিনি দলে নিজের জায়গা এমনভাবে তৈরি করে নেবেন। যদিও ২০২৫ সালে এখনো গোলের সংখ্যা মাত্র তিনটি, তবে ইউরোপা কনফারেন্স লিগ ফাইনালে দুটি অ্যাসিস্টে দলের ৪-১ জয় এনে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি কেবল একজন গোলস্কোরারই নন—পুরো ম্যাচের ছন্দ নির্ধারণকারী।
এই মন্তব্য যখন এসেছে, তখন চেলসি নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। গালাসের এই পর্যবেক্ষণ যেন ক্লাব ম্যানেজমেন্টকেও মনে করিয়ে দিল—এই তরুণকে শুধু খেলার সুযোগ দিলেই চলবে না, মানসিকভাবে তাকে তৈরি করতে হবে, নিরাপদ রাখতে হবে, কারণ এই ছেলেটাই ভবিষ্যতের চাবিকাঠি।
একটা দলের মধ্যে এমন একজন থাকে, যার চারপাশেই ঘোরে বাকি দশজন। চেলসির জন্য, সেই নামটা এখন খুব স্পষ্ট—কোল পামার







