26জুন, বৃহস্পতিবার, কলকাতা: ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধাবস্থায় তেহরানে আটকা পড়েছিলেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে গিয়েছিলেন তিনি। উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচ শেষে তিনি তেহরান ছাড়তে চাইলেও আকাশপথ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় তেহরানেই আটকে ছিলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত রাজধানী থেকে এক হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে নিজের জন্মস্থান বুশেহেরে ফিরে যান তারেমি। বর্তমানে তিনি সেখানেই একা অনুশীলন করছেন এবং ক্লাব ইন্টার মিলানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধের কারণে তার যুক্তরাষ্ট্রে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া অনিশ্চিত। এদিকে, ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে রিভার প্লেটকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার।
এমন পরিস্থিতিতে ‘এ বোয়া’ জানিয়েছে, আগামী দলবদলের মৌসুমে ইন্টার ছাড়তে পারেন তারেমি। সম্ভাব্য গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্ট কিংবা ফুলহাম। গত বছর ইন্টারে যোগ দিয়ে ইতিহাস গড়েন তিনি—এই ক্লাবের প্রথম ইরানি খেলোয়াড় হিসেবে। যুদ্ধবিরতির খবরে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে।







