back to top
Wednesday, May 20, 2026
Home Cricket বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করে বাংলার সেরা জয়, টু্নামেন্টের ইতিহাসে নজির...

বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করে বাংলার সেরা জয়, টু্নামেন্টের ইতিহাসে নজির গড়ে হারাল বিদর্ভকে

0

বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নিরিখে যুগ্ম তৃতীয় স্থান দখল করল বাংলা। আজ রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড ‘এ’-তে ৩৮৩ রানের টার্গেট তাড়া করে বাংলা জয় পেল তিন উইকেটে। ৭ বল বাকি থাকতেই।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। বিদর্ভ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে। ধ্রুব শোরে ১২৫ বলে ১৩৬ ও ওপেনার আমন মোখাড়ে ৯৯ বলে ১১০ রান করেন। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ১০ ওভারে ৬৫ ও আমির গণি ১০ ওভারে ৮০ রান দিয়ে দুটি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪৮.৫ ওভারেই। শাহবাজ আহমেদ ছয়ে নেমে ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৮ বলে সর্বাধিক ৭১ রান করেন। অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ওপেনিং জুটিতে ওঠে ১১.৫ ওভারে ১০৩ রান। পোড়েল ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৬ রান করেন। এরপর সুদীপ কুমার ঘরামিকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিমন্যু।

অভিমন্যু ১০টি চারের সাহায্যে ৬৭ বলে ৭১ রান করেন। ঘরামি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩, সুমন্ত গুপ্ত ৯ বলে ১২, করণ লাল ১১ বলে ৫ রান করেন। আকাশ দীপ ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৮ ও আমির গণি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। দুটি করে উইকেট নেন যশ ঠাকুর, নচিকেত ভুটে ও পার্থ রেখাড়ে।

বিজয় হাজারে ট্রফিতে সফলভাবে সর্বাধিক রানের টার্গেট তাড়া করার রেকর্ডও ভেঙে গিয়েছে এদিন। আজই ৪১৩ রানের টার্গেট তাড়া করে ঝাড়খণ্ডকে হারিয়েছে কর্ণাটক। ফলে ভেঙে গিয়েছে অন্ধ্রের (৩৮৪) নজির। ২০১২ সালে বেঙ্গালুরুতে গোয়ার বিরুদ্ধে অন্ধ্র জিতেছিল চার উইকেটে। গত বছর আমেদাবাদে মুম্বইয়ের বিরুদ্ধে ৩৮৩ রানের টার্গেট সফলভাবে তাড়া করে জিতেছিল কর্ণাটক, জয় এসেছিল ৭ উইকেটে। এবার বাংলাও ৩৮৩ রানের টার্গেট সফলভাবে তাড়া করল।

বাংলা বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোরও সুনিশ্চিত করল। ২০২২ সালে রাঁচিতে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪২৬ রান তুলে ম্যাচ জেতে ৪৭ রানে। এদিন বাংলা বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করতে নেমে নিজেদের সর্বাধিক রানের নজিরও গড়ে ফেলল। এতদিন অবধি ২০১০ সালে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে ৩৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার ৮ উইকেটে ৩৫০ রানই ছিল সর্বাধিক স্কোর। এদিনের ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।