back to top
Saturday, August 8, 2026
Home Cricket প্রয়াত দিলীপ দোশি, ভারতীয় ক্রিকেটে ছায়া নেমে এল

প্রয়াত দিলীপ দোশি, ভারতীয় ক্রিকেটে ছায়া নেমে এল

0

লন্ডনে হৃদরোগে মৃত্যু প্রাক্তন বাঁহাতি স্পিনারের, শচীনের আবেগঘন স্মৃতিচারণে কাঁদল ক্রিকেট মহল l ভারতীয় ক্রিকেট জগতে শোকের ছায়া। প্রাক্তন বাঁহাতি স্পিনার দিলীপ দোশি সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭৭ বছর বয়সে প্রয়াত এই ক্রিকেটার ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায় ছিলেন, বিশেষ করে স্পিনারদের স্বর্ণযুগে।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই তিনি পড়েছিলেন কিংবদন্তি বিষেণ সিং বেদীর ছায়ায়, ফলে অনেকটাই সময় অপেক্ষায় কাটাতে হয়েছিল তাঁকে। কিন্তু হার মানেননি। নিজের দৃঢ় মানসিকতা ও কৌশল দিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন দোশি।

তাঁর মৃত্যুর খবরে ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি শচীন টেন্ডুলকার স্মরণ করেন ১৯৯০ সালের ইংল্যান্ড সফরে দোশির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ—”একজন উষ্ণ হৃদয়ের মানুষ ছিলেন তিনি। সদা হাস্যময় ও অভিজ্ঞতায় ভরা মানুষটি আমাকে প্রথম সফরে খুব সাহায্য করেছিলেন।”

ভারতের ক্রিকেট বোর্ড (BCCI), অনেক প্রাক্তন ক্রিকেটার ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শোকপ্রকাশ করেন।

টেস্টে ৩৩টি ম্যাচ খেলে ১১৪টি উইকেট শিকার করা দিলীপ দোশি ছিলেন ভারতীয় স্পিন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর চলে যাওয়ায় শুধু ভারত নয়, গোটা ক্রিকেটবিশ্ব হারাল এক সুশৃঙ্খল ও মার্জিত প্রতিভা।

এক নিঃশব্দ যোদ্ধার প্রস্থান—ভারতীয় ক্রিকেটে রেখে গেলেন অমলিন ছাপ।