back to top
Tuesday, September 22, 2026
Home Cricket অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু...

অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু বাংলার 

0

দাপুটে জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরোদাকে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল।

১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.১ ওভারেই। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৫০ রান করেন ওপেনার অভিষেক পোড়েল। অপর ওপেনার করণ লাল ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন, মেরেছেন ১টি চার ও চারটি ছয়। শাকির হাবিব গান্ধী ৪ বলে ৬ ও অভিমন্যু ১৫ বলে ১৬ রান করেন।

এরপর সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের অবিচ্ছেদ্য জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শাহবাজের ২১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস সাজানো তিনটি চার ও ২টি ছয় দিয়ে। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সুদীপ। নিনাদ রাথভা নেন ২ উইকেট।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়াকে পায়নি বরোদা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরোদা তোলে ১৮১ রান। সাতে নেমে ভানু পানিয়া তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ৩০ বলে ৩৯, শিবালিক শর্মা ১৩ বলে ৩২ ও শাশ্বত রাওয়াত ১৭ বলে ২৬ রান করেন। জিতেশ শর্মা ৭ বলে ৪ রানের বেশি করতে পারেননি।

সক্ষম চৌধুরী ৩ ওভারে ২৪ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩৮ রান খরচ করে দুটি করে উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সায়ন ঘোষ ৩ ওভারে ২৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৬ রান দেন, তবে কোনও উইকেট পাননি।